ইসরাইল-হামাস যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিসর ও জর্ডান। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেছে, চুক্তিটি চার দিন থেকে বাড়ানো উচিৎ।
পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে একটি মিডিয়া ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশাবাদি, এই চুক্তিটি শেষ পর্যন্ত দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আলোচনা শুরুর পথকে সুগম করবে।
এদিকে, গাজায় নৃশংসতার কারণে ইসরাইলিরাও আর নেতানিয়াহুকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। আলজেরিয়া-তুর্কি ব্যবসায়িক ফোরামে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
এরদোগান বলেন, গাজায় নৃশংসতার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠাতে হবে।
তিনি আরো বলেন, নেতানিয়াহু একজন গোনার। তাই ইসরাইলি জনগণ আর নেতানিয়াহুকে সমর্থন করে না।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইসরাইলের নীতিকে সহ্য করতে পারি না। কখনো করবও না। তারা ক্রমাগত দখল, জমি দখল ও নিপীড়িতদের গণহত্যা করে গাজাকে জনবসতিহীন করে তুলেছে।’
উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১৪ হাজারের অধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : রয়টার্স ও অন্যান্য
