গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের আর মাত্র ১১টি কার্যকর রয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। শনিবার (১৬ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের আর মাত্র ১১টি কার্যকর রয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি হাসপাতাল উত্তরে রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ গাজার দু’টি বড় হাসপাতাল মৌলিক সরবরাহ এবং জ্বালানির সঙ্কটের মধ্য দিয়েও তাদের শয্যা ক্ষমতার তিনগুণ বেশি কাজ করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইনপেশেন্ট বিভাগগুলোতে দখলের হার এখন ২০৬ শতাংশ। আর আইসিও (নিবিড় পরিচর্যা) ইউনিটগুলোতে ২৫০ শতাংশে পৌঁছেছে। এছাড়া হাসপাতালগুলোতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে আশ্রয় দেয়া হচ্ছে।
এদিকে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের হুমকির মুখে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে ডেনিশ শিপিং কোম্পানি। শনিবার (১৬ ডিসেম্বর) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লোহিত সাগরে ইসরাইলঅভিমুখী বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা। তারা ঘোষণা দিয়েছে, ইসরাইলের উপকার হয় এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড তারা লোহিত সাগর দিয়ে হতে দেবে না। গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এ কাজ করার ঘোষণা দিয়েছে তারা।
ডেনমার্কের শিপিং কোম্পানি মার্স্ক শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে তাদের একটি জাহাজে ড্রোন হামলা হয় এবং শুক্রবারও একই স্থানে একই ধরনের হামলার মুখে পড়ে তাদের আরেকটি জাহাজ। বিবৃতিতে বলা হয়, কাজেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে ওই কোম্পানির জাহাজ চলাচল বন্ধ থাকবে।
জার্মান কনটেইনার শিপিং লাইন হ্যাপাগ-লয়েড লোহিত সাগরে নৌ-চলাচল বন্ধ করার বিষয়ে চিন্তা করছে বলে কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন। কয়েক ঘণ্টা আগে সংস্থাটি জানিয়েছে, ইয়েমেনের কাছে তাদেরও একটি জাহাজে হামলা হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্য সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, ইয়েমেনের হাউছি যোদ্ধারা লোহিত সাগরে আন্তর্জাতিক মুক্ত জাহাজ চলাচলের পরিবেশ নষ্ট করছে। তবে হাউছি নেতারা বলেছেন, তারা তাদের পানিসীমা অতিক্রমকারী জাহাজগুলোকে জিজ্ঞাসাবাদের বৈধ অধিকার চর্চা করছেন। যেসব জাহাজ তাদের আদেশ অমান্য করছে, শুধুমাত্র সেসব জাহাজে হামলা চালাচ্ছেন।
আরব উপত্যকার একদিকে ইয়েমেন এবং অন্যদিকে আফ্রিকা উপকূলের জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালির প্রস্থ ৩২ কিলোমিটার। এই প্রণালি দিয়ে সুয়েজ খাল হয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হয়। লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি এড়িয়ে চলতে চাইলে একটি জাহাজকে কয়েক গুণ বেশি পথ পাড়ি দিয়ে গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্যসাগরে পৌঁছাতে হবে।
সূত্র : আল জাজিরা
