ফিলিস্তিনিদের মুখ শনাক্ত করতে প্রায় ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে আপলোড করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। ফাঁস হওয়া নথি ও সামরিক সূত্রের বরাতে ১৬ নভেম্বর এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরুর দিকে “রোলিং স্টোন” নামে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিট ছবিগুলো তেল আবিবের কাছে অ্যামাজনের একটি ডেটা সেন্টারে পাঠায়। গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নিয়ে বিশাল তথ্যভান্ডার পরিচালনা করে এই ইউনিট। তারা অ্যামাজনকে জানিয়েছিল, ছবিগুলো বিশ্লেষণে প্রতিষ্ঠানটির এআইভিত্তিক মুখ শনাক্তকরণ সেবা “রেকগনিশন” ব্যবহার করা হবে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে সামরিক চেকপোস্ট দিয়ে যাওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তুলত ইসরায়েলি সেনারা। পরে সেই ছবি সেনাবাহিনীর তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে ফিলিস্তিনিদের শনাক্ত করা হতো এবং যাঁদের “যোদ্ধা” বলে সন্দেহ হতো, তাঁদের চিহ্নিত করা হতো।
এর আগেও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালে ইসরায়েলি সংবাদমাধ্যম +৯৭২ ম্যাগাজিন ও লোকাল কলের অনুসন্ধানে উঠে আসে, গাজায় গণনজরদারির তথ্য রাখতে ইসরায়েলি সামরিক গোয়েন্দারা অ্যামাজনের ক্লাউড ব্যবহার করছে। ২০২১ সালে “প্রজেক্ট নিম্বাস” নামে ১২০ কোটি ডলারের চুক্তির আওতায় ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীকে ক্লাউড সেবা দিচ্ছে অ্যামাজন ও গুগল।
যে চেকপোস্ট দিয়ে প্রাণ বাঁচাতে পালাচ্ছিলেন বাস্তুচ্যুত মানুষ, সেখানেই তাঁদের মুখ হয়ে উঠছিল নজরদারির তথ্য।
