ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান শিগগিরই সম্ভাব্য যুদ্ধবিরতি ও হামাসের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে আলোচনার নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে তিনি কাতার সফরে যাচ্ছেন।
ডেভিড বার্নিয়া পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির সাথে সম্পৃক্ত ছিলেন। নভেম্বরে ইসরায়েল-হামাস একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি সম্মত হয়েছিল এবং দোহায় আলোচনায় অংশ নেওয়ার পর সেটি কার্যকর হয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি এবং মিশরীয় কর্মকর্তারা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অবশিষ্ট থাকা ব্যবধানের দিকে মনোনিবেশ করবেন।
হামাস এই সপ্তাহে মধ্যস্থতাকারী এবং ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করেছে। সেই প্রস্তাবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
