পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাবাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের নাগরিকদের ওপর ইসরাইল তাদের বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলের এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
ওই বিবৃতিতে কাতার আরো বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ইসরাইলের এ অব্যাহত আক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া। এছাড়া ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারের বিষয়েও জোর দিয়েছে কাতারি কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে অবস্থিত বোরকা অঞ্চলে ইসরাইলি সেনাদের সাথে সঙ্ঘাতের ফলে অসংখ্য ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পরে এ সঙ্ঘাতের সূত্রপাত হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
