ভিসা নীতি নিয়ে বিব্রত, বিভ্রান্ত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, আমেরিকা তাদের দেশে কাকে যেতে দেবে আর কাকে যেতে দেবে না, সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা বলতে পারি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি নেই। দু’দেশের সম্পর্ক আগে যা ছিল এখনো তাই আছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, একটি মহল আমেরিকার এই ভিসা নীতিকে পুঁজি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে।
বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী এধরনের গুজবে কান না দিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অর্জন ও সাফল্যের কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আধুনিক এবং কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুলিশ বাহিনী গড়ে তুলেছেন।
তিনি বলেন, বিভিন্ন দেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে বিচারের রায় কার্যকর করা হবে।
বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: ফয়সল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বিশেষ অতিথি নওগাঁ-২ (ধামইরহাট – পত্নীতলা) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছি) আসনের সংসদ সদস্য মো: ছলিমুদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁর জেলা প্রশাসক মো: গোলাম মাওলা ও পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
সূত্র : ইউএনবি
