রাশিয়ার ২০তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮-২০ নভেম্বর রাজধানী মস্কোর গ্র্যান্ড মসজিদে বর্ণাঢ্য আয়োজনে তা অনুষ্ঠিত হয়। সৌদিভিত্তিক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগের সহযোগিতায় শুরা কাউন্সিল অব মুফতিস অব রাশিয়া এবং সেন্ট্রাল রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেশন আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের ২৫টির বেশি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন কাসিম। বিচারক হিসেবে আরো ছিলেন, ইয়েমেনের শায়খ সাদেক মুহাম্মদ আলী, তুরস্কের শায়খ জুহাদার, লেবাননের শায়খ হাসান মুরইব ও রাশিয়ার শায়খ আসআদ ইমাদুদ্দিন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত সৌদির বিশেষ রাষ্ট্রদূত ড. আবদুর রহমান বিন সুলাইমান আল-আহমদ। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সেন্ট্রাল রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য মুসলিমস অব দ্য রাশিয়ান ফেডারেশনের প্রধান শায়খ রাবি আইনুদ্দিন।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তুরস্কের আনতাকিয়া শহরের উলু মসজিদের মুয়াজ্জিন আহমদ কুজু। দ্বিতীয় স্থান অধিকার করেন আবদুর রহমান ফারাজ হাফিজ এবং তৃতীয় স্থান লাভ করেন ইরানের সাইয়েদ মুসতফা হুসাইনি।
সূত্র : ডেইলি সাবাহ
