সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আসন্ন হজ মৌসুমের জন্য ‘দ্য স্মার্ট পিলগ্রিম’ অ্যাপ উদ্বোধন করেছে। হজের পরিসেবাগুলো আরো প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নিয়েছে তারা। অ্যাপটির মাধ্যমে হজযাত্রীরা তাঁদের পরিসেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যেকোনো বিশৃঙ্খলার ব্যাপারে মন্ত্রণালয়কে অবগত করতে পারবেন। মন্ত্রণালয় কোনো প্রকার বিলম্ব বা নমনীয়তা ছাড়াই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করছে।
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের হজ-ওমরাহ পরিসেবা বিভাগের সহকারী সচিব হিশাম সাঈদ বলেন, আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের আরো ভালো সেবা দিতে তিনটি মৌলিক অ্যাপ চালুর সঙ্গে সঙ্গে স্মার্ট কার্ডগুলোর পরিসেবা সম্প্রসারিত করা হবে।
সাঈদ যিনি মন্ত্রণালয়েরও মুখপাত্র। তিনি বলেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একটি কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকে। যেখানে হজযাত্রীরা অনুসন্ধান, অভিযোগ ও পরামর্শের কথা জানাতে পারবেন। এ ছাড়া তাঁরা তাঁদের স্মার্টফোনে দ্য স্মার্ট পিলগ্রিম অ্যাপ ডাউনলোড করে বহুমুখী সেবা পেতে পারেন। হজযাত্রীরা অভিযোগ জানানোর পর যদি যথাসময়ে সমাধান না হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রণালয়ের ‘অপারেশন সেন্টারে’ যাবে এবং দায়িত্বশীল একটি দল তা সমাধানের উদ্যোগ নেবে।
সূত্র : আরব নিউজ
